শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবীতে এবার মাঠে নামলেন এইসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে শহরের ইলিয়ট ব্রীজ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের এসএস রোড প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন এলাকায় এসে সড়ক অবরোধ করে অবস্থান অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এ সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন এবং তাদের দাবি আদায়ে সোচ্চার হন।
প্রায় আধ ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় বক্তব্য রাখেন ইসলামিয়া সরকারি কলেজের শেখ সাকিব ও তানভীর, রজব আলী কলেজের মো. নীরব, আল মাহমুদ ডিগ্রী কলেজের মোঃ সোহাগ মিয়া, রাশিদাজ্জোহা মহিলা কলেজের মোছাঃ নির্জনা ও সিরাজগঞ্জ সরকারি কলেজের খালেদ সাইফুল্লাহ।
এছাড়াও সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি জানান। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন।
অবরোধের ফলে শহরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আধঘণ্টা পর সোয়া দুইটার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।







