
মোঃ রবিউল আউয়াল,স্টাফ রিপোর্টারঃ
শিক্ষক দম্পতির দুই সন্তান শিক্ষাজীবনে সাফল্য অর্জন করে পরিবার,বিদ্যালয় ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে। মেয়ে তাসনিয়া তাসনিম রাইনা ধুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। অন্যদিকে ছেলে তকী তাহমিদ রাইস সদ্য অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় সিরাজগঞ্জ বি,এল,সরকারি উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
শিক্ষক দম্পতির একজন স,ম,মোশাররফ হোসেন,রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের ধুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ দিন যাবৎ প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন ও স্ত্রী নুসরাত জাহান তাসনিম একই উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কৃষ্ণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্বরত আছেন। তারা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি নিজেদের সন্তানদেরও পড়াশোনার প্রতি মনোযোগী করে গড়ে তুলেছেন। তাদের আন্তরিক প্রচেষ্টা, সন্তানদের অধ্যবসায় এবং নিয়মিত পড়াশোনার ফলেই এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
মেয়ের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন এবং ছেলের এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার খবরে পরিবারে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। আত্মীয়স্বজন, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী তাদের অভিনন্দন জানিয়েছেন।
অভিভাবকরা জানান, সন্তানদের সাফল্যে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতেও তারা সন্তানদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে চান। তাদের বিশ্বাস, কঠোর পরিশ্রম, নিয়ম-শৃঙ্খলা ও শিক্ষকদের পরামর্শ মেনে চললে সন্তানরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করতে পারবে।
শিক্ষক দম্পতির দুই সন্তানের এই সাফল্য শুধু পরিবারের জন্যই নয়, এলাকার অন্য শিক্ষার্থী ও অভিভাবকদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।