
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে তাদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রায়গঞ্জ উপজেলার তেবাড়িয়া গ্রামের মোজাহার রহমানের ছেলে মো. স্বরণ, উল্লাপাড়া উপজেলার ঝিকিরা গ্রামের মৃত ইসাহাকের ছেলে মো. হাফিজুর রহমান এবং রায়গঞ্জ উপজেলার কোটারগাতী গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. শফিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, মো. স্বরণ রায়গঞ্জ থানার জিআর মামলা নং-২৪/১৮ এবং সিআর মামলা নং-২৮৩/২৩-এর সাজাপ্রাপ্ত আসামি। একই সঙ্গে তার বিরুদ্ধে সিআর মামলা নং-২৮৮/২৩-এও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
অপরদিকে মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে সিআর মামলা নং-১০৯০/২৬-এ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মামলাটি বিদ্যুৎ আইনের সঙ্গে সংশ্লিষ্ট। অন্য আসামি মো. শফিকুল ইসলামও আদালতের পরোয়ানাভুক্ত আসামি।
রায়গঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারদের বিরুদ্ধে থাকা মামলার নথিপত্র যাচাই ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে।