
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদরের সরকারি অনুমোদনপ্রাপ্ত শিশু শিক্ষাপ্রতিষ্ঠান (বেসরকারি প্রাথমিক বিদ্যালয়) ইউনিভার্স একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল ঘোষণা করা হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় ধানগড়া সেন্টার পয়েন্ট সংলগ্ন একাডেমির মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা ও ধানঘরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিজয় কুমার সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমির শিক্ষক মো. আলহাজ্ব আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজাদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক ফাহিমা ইয়াছমিন, একাডেমির সাবেক ছাত্রী ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া ইসলাম, অভিভাবক ও স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক সাইফ আহমেদ, মঞ্জুরুল ইসলাম শরীফ, কামরুজ্জামান সোহেল, মুশতাক আহমেদ, অধীর চন্দ্র সাহা, শিক্ষার্থী আবু জার গিফারী, অনিক কুমার হালদার, এবং প্রতিষ্ঠান প্রধান মোছা. ছালমা খাতুনসহ অনেকে।
বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানসম্মত প্রাথমিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল ঘোষণা করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।