
মো: আব্দুর রহীম মিঞা, জেলা প্রতিনিধি টাঙ্গাইল:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সদরে পবিত্র ঈদ-উল-আজহাকে সামনে রেখে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এখন থেকে নির্ধারিত স্থান ছাড়া কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না এবং রাত ৭টার আগে কোনো ট্রাক শহরের ভেতরে প্রবেশ করতে পারবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, ভূঞাপুর সদরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে প্রতিনিয়ত যানজটের কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বাজার এলাকা, বাসস্ট্যান্ড, হাসপাতাল সড়ক ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতে যত্রতত্র গাড়ি পার্কিং সিএনজি,অটো, ভ্যান ও দিনের বেলায় ভারী যানবাহন চলাচলের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। যানজট কমাতে বিভিন্ন স্থানে অবৈধ পার্কিং বন্ধ এবং ট্রাক চলাচলে সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট স্থান ছাড়া কোনো প্রকার অটোরিকশা, সিএনজি, ট্রাক, পিকআপ কিংবা অন্যান্য যানবাহন পার্কিং করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি রাত ৭টার আগে কোনো ট্রাক বা ভারী যানবাহন শহরের ভেতরে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র জরুরি প্রয়োজন ও বিশেষ অনুমতির ক্ষেত্রে ব্যতিক্রম বিবেচনা করা হতে পারে।
উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যানজটমুক্ত ও স্বাভাবিক নগর পরিবেশ ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যবসায়ী, চালক ও সাধারণ জনগণকে নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে মাইকিং করে জনগনকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গেছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়ন হলে ভূঞাপুর সদরের দীর্ঘদিনের যানজট অনেকটাই কমে আসবে এবং সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরবে।
সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনাক্রমে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যানজট নিরসন ও জনভোগান্তি হ্রাসের লক্ষ্যে ভূঞাপুর পৌর এলাকা এবং ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজারসমূহে কাঁচামাল/পণ্যবাহী ট্রাক রাত ৭.০০টা হতে সকাল ৭.০০টা পর্যন্ত চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এমতাবস্থায়, বাজার এলাকায় যানজট ও জনদুর্ভোগ কমানোর স্বার্থে সংশ্লিষ্ট সকলকে সকাল ৭.৩০টার মধ্যে মালামাল আনলোড সম্পন্ন করে পৌর বাজার এলাকা ত্যাগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।