
মো: আব্দুর রহীম মিঞা, জেলা প্রতিনিধি টাঙ্গাইল
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২/২০২৬-২০২৭ মৌসুমে গ্রীষ্মকালীন শাকসবজি ও রোপা আমন ধানের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোকলেছুর রহমান,কৃষি সম্প্রসারণ অফিসার মো: আব্দুল্লাহ আল মাসুদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাছান মামুন বিএনপি নেতা ফরহাদুল ইসলাম শাপলা উপসহকারী কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানাসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৯৮০ জন কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ ও সার এবং ৫৩৫ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ বিতরণ করা হবে। এ কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদি জমির সর্বোত্তম ব্যবহার এবং কৃষকদের আর্থিকভাবে সহায়তা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের কল্যাণে বিভিন্ন প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব সহায়তা যথাযথভাবে ব্যবহার করে কৃষকরা অধিক উৎপাদন নিশ্চিত করতে পারবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোকলেছুর রহমান কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী চাষাবাদ করলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা অধিক লাভবান হবেন। তারিখ-১৩/৭/২০২৬