
বিশেষ প্রতিনিধি, রায়গঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জের নিমগাছি বাজারে নিরাপত্তা বিধি উপেক্ষা করে এবং প্রশাসনের নজর এড়িয়ে বিভিন্ন বোতলে ভরে অবৈধভাবে উচ্চ মূল্যে প্রকাশ্যে বিক্রি হচ্ছে পেট্রোল ও অকটেন। কোনো ধরনের লাইসেন্স ছাড়াই জনবহুল এলাকায় এভাবে জ্বালানি তেল বিক্রি করায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
শুক্রবার সকালে সরেজমিনে দেখা গেছে, নিমগাছি বাজারের ধানহাটি এলাকায় রাস্তার ধারে ছোট একটি দোকানে প্লাস্টিকের বোতলে ভরে পেট্রোল ও অকটেন সাজিয়ে রাখা হয়েছে। মোটরসাইকেল চালকরা এ দোকান থেকে ২শতটাকা লিটারে তেল কিনছেন।
অবৈধ তেল ব্যবসায়ী নজরুল ইসলাম এই প্রতিবেদকের কাছে প্রতি লিটার ২শত টাকা দাবি করেন। পরে সাংবাদিক টের পেয়ে ১৫০ থেকে ১৬০ টাকা লিটারে বিক্রির কথা বলেন। তিনি স্থানীয় একটি পাম্প থেকে তেল সংগ্রহ করে বিক্রির কথা স্বীকার করেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, সারাদেশে তেল সংকটের মধ্যেও তিনি অবাধে এই ব্যবসা চালিয়ে গেছেন। অনেক সময় সে ৩শত টাকা লিটার পর্যন্ত তেল বিক্রি করেছেন। তার বিরুদ্ধে তেল মজুতের অভিযোগ উঠেছে।
জ্বালানি নীতি অনুযায়ী, বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ছাড়া পেট্রোল বা দাহ্য পদার্থ মজুত রাখা দণ্ডনীয় অপরাধ। এছাড়া তেলের মান নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, তেমনি এসব তেল যেভাবে সাধারণ প্লাস্টিক বোতলে রাখা হয়, তা যে কোনো সময় সামান্য আগুনের সংস্পর্শে ভয়াবহ রূপ নিতে পারে।
স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রকাশ্যে এভাবে পেট্রোল বিক্রি করা বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটতে পারে। অবৈধ বিক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা প্রয়োজন।
এ বিষয়ে সোনাখাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল জাব্বার বলেন, অবৈধভাবে তেল বিক্রির ঘটনা তার জানা নেই। খোঁজ নিয়ে প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।