
খ ম,জায়েদ হোসেন, নাসিরনগর,(ব্রাক্ষণবাড়ীয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর এলাকায় সরকারি খাস জমি দখল করে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৪ জুন) দুপুরে নূরপুর এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,নূরপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ১৬৭ শতক রাস্তা ও খাল শ্রেণির সরকারি জমির ওপর অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছিল। মামলা নং-১২/২০২৫ এর রায়ের আলোকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদকৃত স্থাপনাগুলোর মধ্যে দোকানঘর ও বসতঘরসহ মোট ১৮টি পাকা, সেমিপাকা ও টিনশেড স্থাপনা ছিল। অভিযানের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেন।
নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ বলেন,“সরকারি খাস জমি, বিশেষ করে খাল ও রাস্তার জায়গা দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। আদালতের রায়ের আলোকে সরকারি জমির ওপর নির্মিত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।”
তিনি আরও বলেন, সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।