
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই। নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরিয়তপুর জেলায় দায়িত্বরত তিন বাহিনীর অধিনায়ক, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, এই নির্বাচনটা খুব উৎসবমুখর এবং ফ্রি-ফেয়ার হবে। এবার যে পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে, অতীতের ইতিহাসে আপনারা তা দেখেননি। আপনারা আগের অন্যান্য নির্বাচনগুলো দেখেছেন, সেই নির্বাচনগুলোতে যেরকম সহিংসতা হতো। এবার আল্লাহ দিলে এখন পর্যন্ত হয়নি। আমরা আশা করব, সামনেও হবে না। অন্যান্য সময় আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে সশস্ত্র বাহিনী ভোট প্রাঙ্গণে যেতে পারত না। এবার আমাদের সিনিয়র সচিব ভালো ব্যবস্থা গ্রহণ করেছেন। প্রতিটি ভোট প্রাঙ্গণে তারা যেতে পারবে। নির্বাচনের দিনে যদি কোনো ধরনের সহিংসতা হয় তাহলে দেখতে পারবেন কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়।
তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ও ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। যেসব কেন্দ্রে বাউন্ডারি নেই, সেখানে বাঁশ দিয়ে ব্যবস্থা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণি, বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক প্রমুখ।