
রাজীব কুমার মালো ,ঝালকাঠী প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ড. এসএম জিয়াউদ্দিন হায়দার। মঙ্গলবার সন্ধ্যায় নলছিটি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এরপর ঐতিহ্যবাহী নলছিটির তাঁরা মন্দিরে মতবিনিময় সভায় অংশ নেন। তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, মন্দিরের সভাপতি শ্রী কৃষ্ণ লাল চক্রবর্তী ও সাধারণ সম্পাদক শ্রী মিলন কান্তি দাস। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদ প্রশাসক মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. হুমায়ূন কবির, প্রেসক্লাব সভাপতি আককাস সিকদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জিয়াউদ্দিন হায়দার বলেন, রাষ্ট্রকে আমরা যদি একটি মালার সঙ্গে তুলনা করি, সেখানে অনেক রঙের ফুল থাকলে সৌন্দর্য বেড়ে যায়। ওই রাষ্ট্র নামক মালার সুতোটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শ দিয়ে গড়া। সেই মালায় হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার বৈচিত্র্য ও ভিন্নতাই আমাদের শক্তি। ঢোলের শব্দ ও কাঁসাপিতলের বারি এগুলো সার্বজনীন। পূজো সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র বিষয় যেমনিভাবে মুসলিমদের ঈদ। উৎসবে আনন্দের পরিবেশ বজায় রাখা রাজনৈতিক, প্রশাসনিকসহ আমাদের সবার দায়িত্ব।