
উল্লাপাড়া (সিরাজগঞ্জ )প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বজ্রপাতে হারালেন স্বামীকে। স্বামী রফিকুল ইসলাম (২৫) বজ্রসহ বৃষ্টিপাতের সময় গরুর খাবারের জন্য ঘাস কাটতে মাঠে ছিলেন। ৬ জুন শনিবার বিকেলে উপজেলার চড়ুইমুড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রকিবুল ইসলাম পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন। তিনি ওই গ্রামের দুলাল হোসেনের ছেলে।
রকিবুল ইসলামের মামাতো ভাই ফিরোজ আহমেদ বাবু জানান, বিকেলে বাড়িতে পালিত গরুর জন্য খাবার সংগ্রহ করতে পাশের খোলা মাঠে ঘাস কাটছিলেন রকিবুল। এ সময় হালকা বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, রকিবুল ইসলামের স্ত্রী মোছা. মোখলেসিনা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
ঘটনার খবর পেয়ে সন্ধ্যায় উল্লাপাড়া মডেল থানা পুলিশ চড়ুইমুড়ি গ্রামে নিহতের বাড়িতে যায় এবং প্রয়োজনীয় খোঁজখবর নেয়। রকিবুল ইসলামের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।