সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে বসা শালিসী বৈঠকে হামলা ও দু গ্রামবাসীর সংঘর্ষে আহত শাহ আলম (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের রশিদপুর ও কাশিনাথপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় শাহ আলম ও তার ছেলেসহ বেশ কয়েকজন আহত হন। নিহত শাহ আলম রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, কাশিনাথপুর গ্রামের কয়েক যুবক রশিদপুর উত্তরপাড়া এলাকায় নিয়মিত আড্ডা দিতেন এবং সেখানে মেয়েদের উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে রশিদপুর গ্রামের লোকজন তাদের একাধিকবার নিষেধ করেন।
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে শালিসী বৈঠক বসে। এ সময় কাশিনাথপুর গ্রামের মাতব্বর আলাউদ্দিন এবং আইয়ুব আলীর নেতৃত্বে বখাটেরা রশিদপুর গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দু গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে রশিদপুর উত্তরপাড়া গ্রামের বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে শাহ আলমের অবস্থার অবনতি হয়।
আহতদের মধ্যে শাহ আলম শনিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে শাহ আলমের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম বলেন, শালিসী বৈঠকে সংঘর্ষের ঘটনায় আহত এক ব্যক্তি মারা গেছে। তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্তের পর আমরা বিস্তারিত বলতে পারবো।







