
মো: আব্দুর রহীম মিঞা, টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদীতে জাটকা ইলিশ সংরক্ষণ এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৯ জুন) উপজেলার যমুনা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদী থেকে আনুমানিক ৩ হাজার ৫০০ মিটার চায়না দুয়ারি জাল এবং ৪ হাজার মিটার মশারি জাল জব্দ করা হয়।
পরে জব্দকৃত চায়না দুয়ারি জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া উদ্ধার করা মশারি জাল প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, জব্দকৃত অবৈধ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। এসব জাল ব্যবহার করে অবৈধভাবে জাটকা ও বিভিন্ন প্রজাতির মাছ নিধন করা হচ্ছিল, যা নদীর জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদের জন্য হুমকি সৃষ্টি করছে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রিমা আক্তার, নৌ পুলিশ ও স্থল পুলিশের সদস্যরা।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, জাটকা ইলিশ ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জাল ব্যবহার ও মাছ শিকারের বিরুদ্ধে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।