
মো. আব্দুর রহীম মিঞা, টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবন করে পরিবারের সদস্যদের মারধর এবং এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে ফিরোজ (২১) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান-এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ফিরোজ উপজেলার রাউৎবাড়ি গ্রামের রূপচাঁন শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফিরোজ মাদক সেবন করে পরিবারের সদস্যদের মারধরসহ এলাকায় অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে আসছিলেন। বুধবার দুপুরে পুলিশ গাঁজাসহ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেন, “মাদক সেবন এবং মাদকাসক্ত অবস্থায় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ফিরোজ নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”