
মো. আব্দুর রহীম মিঞা, টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল সদর পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বাড়াতে ৬৮০ ঘনমিটার ক্ষমতাসম্পন্ন একটি উচ্চ জলাধার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানি সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় শুক্রবার (১৯ জুন) বেলা ১১টায় এ নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “টাঙ্গাইলবাসীর নিরাপদ ও বিশুদ্ধ পানি নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। আধুনিক ও টেকসই পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে নগরবাসীর জীবনমান উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিতব্য এই উচ্চ জলাধারটি চালু হলে টাঙ্গাইল পৌর এলাকার পানি সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। এর ফলে পৌরবাসী আরও সহজে, নিরবচ্ছিন্নভাবে এবং নিরাপদ পানি সরবরাহের সুবিধা পাবেন।
জানা গেছে, জলাধার নির্মাণকাজ বাস্তবায়ন করছে এস কে এন্টারপ্রাইজ অ্যান্ড গ্লোব মাল্টিটেক। প্রকল্পটি সম্পন্ন হলে টাঙ্গাইল পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের নিরাপদ পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।