
ন্যাশনাল ডেস্ক
বগুড়ায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামে দুই ইউনিয়নের নামকরণ করা হয়েছে। রোববার (১৪ জুন) সন্ধ্যায় বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান স্বাক্ষরিত এক গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
ইউনিয়ন দুটি হলো- সীমান্ত ইউনিয়ন ও দিগন্ত ইউনিয়ন। সীমান্ত হলেন, প্রতিমন্ত্রীর বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর সাকলাইন আলম দিগন্ত ছোট ছেলে। এছাড়াও শিবগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির নামে মীরবাড়ি নামে আরও একটি নতুন ইউনিয়ন করা হয়েছে।
জানা গেছে, প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় স্বর্ণগ্রাম, সীমান্ত ও দীগন্ত নামে ৩টি নতুন ইউনিয়ন পরিষদ গঠনের সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মোকামতলা পৌরসভা গঠনের কার্যক্রমও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পৌরসভার অনুমোদন কার্যকর হলে নবগঠিত মোকামতলা উপজেলা ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে পরিচালিত হবে।
গেজেট অনুযায়ী, ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে স্বর্ণগ্রাম ইউনিয়ন গঠন করা হয়েছে। ১৭টি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৮ হাজার ৯৩৪ জন। একইভাবে সৈয়দপুর ইউনিয়ন বিভক্ত করে সীমান্ত ইউনিয়ন গঠন করা হয়েছে। ১১টি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৬ হাজার ২৬৭ জন। এছাড়া দেউলী ইউনিয়ন থেকে পৃথক করে দীগন্ত ইউনিয়ন গঠন করা হয়েছে। ৮টি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৭ হাজার ৭৫৯ জন।
নতুন ৩টি ইউনিয়ন গঠনের পাশাপাশি অবশিষ্ট মৌজাগুলো নিয়ে ময়দানহাট্টা, দেউলী, সৈয়দপুর, মোকামতলা ও শিবগঞ্জ ইউনিয়ন পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত ময়দানহাট্টা ইউনিয়নে ১২টি মৌজায় লোকসংখ্যা ১৪ হাজার ৭৬৭ জন, দেউলী ইউনিয়নের ৮টি মৌজায় লোকসংখ্যা ১৪ হাজার ৩৬০ জন, সৈয়দপুর ইউনিয়নে ১৪টি মৌজায় লোকসংখ্যা ১৭ হাজার ৪৭৪ জন, মোকামতলা ইউনিয়নে ১২টি মৌজায় লোকসংখ্যা ১৬ হাজার চারজন এবং শিবগঞ্জ ইউনিয়নে ১৩টি মৌজায় লোকসংখ্যা ২৬ হাজার ৩০৪ জন নির্ধারণ করা হয়েছে।
এদিকে শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ি’ নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। একই সঙ্গে উপজেলার আরও পাঁচটি ইউনিয়ন পুনর্গঠন করে সরকার গেজেট প্রকাশ করেছে।
জানা গেছে, শিবগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নের অংশ নিয়ে মীরবাড়ী ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। মীর বাড়ি হচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী ও বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের বেতগাড়ি গ্রামে অবস্থিত পৈতৃক বাড়ির নাম। সেই নামেই নতুন ইউনিয়নটির নামকরণ করা হয়েছে।
গেজেট অনুযায়ী, উপজেলার ফেনীগ্রাম, সৈয়দপুর, চন্দনপুর, দোপাড়া, তেয়াইল, গোরনা, ধামাহার, বাদলদিঘী, বেতগাড়ি, রামকান্দি, চকগোপাল, ডাবুর, চককানু, হরিপুর ও গোপিনাথপুরসহ ১৫টি মৌজা নিয়ে মীরবাড়ি ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছে। নতুন এই ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮ হাজার ৯২৪ জন।
একই সঙ্গে শিবগঞ্জ পৌরসভার সীমানা সম্প্রসারণ এবং নতুন ইউনিয়ন গঠনের কারণে বিহার, রায়নগর, বুড়িগঞ্জ, কিচক ও আটমুল ইউনিয়নও পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত ইউনিয়নসমূহের মধ্যে বিহার ইউনিয়ন পরিষদ সংসারদিঘী, দোবিলা, সোলাগাড়ী, নারায়ণশহর, ধামাহার, ভাসুবিহার, পারলক্ষিপুর, পনরটিকা, বিহার ও আলীগ্রামসহ মোট ১০টি মৌজা নিয়ে পুনর্গঠিত হয়েছে। এ ইউনিয়নের জনসংখ্যা ২১ হাজার ২১ জন।
প্রকাশিত সরকারি গেজেট সূত্রে জানা যায়, উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে নতুন ইউনিয়ন গঠন এবং বিদ্যমান ইউনিয়নগুলোর পুনর্গঠন করা হয়েছে।
বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, সরকারি গেজেট অনুযায়ী, নতুন ইউনিয়ন গঠন ও ইউনিয়নগুলোর পুনর্গঠনের মাধ্যমে শিবগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় জনগণ সহজে সরকারি সেবা গ্রহণের সুযোগ পাবেন।