
আব্দুর রহীম মিঞা, ভুঞাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ১৫ এপ্রিল বেলা ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব হাসান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহি উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব হাসান তার বক্তব্যে বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় সফল হতে হলে কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং সঠিক পরিকল্পনার কোনো বিকল্প নেই। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধরে রাখার আহ্বান জানানো হয়।
আজকের এই বিদায় কোনো শেষ নয়, বরং তোমাদের জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা। তোমরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। তাই এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে সততা, পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে।”
ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি এড. গোলাম মোস্তফা বলেন, এসএসসি পরীক্ষা শুধু একটি সার্টিফিকেট অর্জনের মাধ্যম নয়, এটি তোমাদের মেধা, ধৈর্য ও আত্মবিশ্বাসের প্রথম বড় পরীক্ষা। জীবনে সফল হতে হলে শর্টকাট নয়, সৎ পথেই এগোতে হবে। ব্যর্থতা আসতেই পারে, কিন্তু সেই ব্যর্থতা থেকেই শিক্ষা নিয়ে আবার ঘুরে দাঁড়ানোর মানসিকতা থাকতে হবে।”
ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অপ্রয়োজনীয় সময় নষ্ট করার অভ্যাস এখনই নিয়ন্ত্রণ করতে হবে। সময়ের মূল্য বুঝে পড়াশোনায় মনোযোগী হও—তবেই তোমরা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে।”
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, “সন্তানদের প্রতি অতিরিক্ত চাপ সৃষ্টি না করে তাদের পাশে থাকুন, সাহস দিন, নৈতিক শিক্ষা দিন। তাহলেই তারা সঠিক পথে এগিয়ে যাবে।”
আমি বিশ্বাস করি, ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধা ও মননে অনন্য হয়ে উঠবে এবং দেশের জন্য গৌরব বয়ে আনবে। তোমাদের সবার জন্য রইল শুভকামনা ও দোয়া—তোমরা সফল হও, আলোকিত মানুষ হও।”
বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে। তারা বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সকলের দোয়া কামনা করে।
অনুষ্ঠানের শেষে পরীক্ষার্থীদের সার্বিক মঙ্গল ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান ভূট্রো, পৌর বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার গিয়াস,, সাংগঠনিক সম্পাদক মিন্টু তরফদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।