
বিনোদন ডেস্ক
মডেল-অভিনেত্রী অলংকার চৌধুরীকে এবার দেখা যাবে ‘হাওয়া হাওয়া’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে। সম্প্রতি বিএফডিসিতে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। মিলন ও দোলার গাওয়া গানটির কথা লিখেছেন সালাহউদ্দিন সাগর, সুর করেছেন আকরাম খান। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ।
অলংকার জানান, ‘হাওয়া হাওয়া’ গানের ভিডিওতে তাকে একেবারেই নতুন রূপে উপস্থাপন করা হয়েছে। এর আগে হৈমন্তীর ‘পাখিরে’ ও মিলনের ‘প্রেমের সমাধি’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। সম্প্রতি প্রকাশিত গান দুটি দর্শকের মধ্যে আলোচনায় আসায় সন্তুষ্ট অলংকার।
এ প্রসঙ্গে অলংকার বলেন, “বাংলাদেশে এখন মানসম্পন্ন যেসব মিউজিক ভিডিও নির্মিত হচ্ছে, তার প্রায় সবকটিতেই আমি কাজ করছি। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। দর্শকের ভালোবাসা ও অনুপ্রেরণা আমাকে প্রতিনিয়ত নতুনভাবে নিজেকে তৈরি করতে উৎসাহিত করছে। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করতে আমি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। গত কয়েক বছরে এ অঙ্গনে নিজের অবস্থান নিয়ে আমি ভীষণ সন্তুষ্ট। ‘হাওয়া হাওয়া’ গানে আমাকে নতুন রূপে দেখা যাবে। গানটি প্রকাশের অপেক্ষায় আছি।”
এদিকে, শিগগিরই সোহানুর রহমান সোহানের ‘এআই বউ’ নাটকের সিক্যুয়ালে কাজ করবেন বলে জানিয়েছেন অলংকার চৌধুরী।