
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে টপসয়েল (উপরিভাগের উর্বর মাটি) কর্তনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে তিনটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৮৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের খোদাদপুর, ব্রক্ষগাছা ইউনিয়নের ভাতহাড়িয়া এবং ধুবিল ইউনিয়নের মালতিনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় অবৈধভাবে টপসয়েল কর্তনের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় অভিযুক্তরা ভবিষ্যতে এ ধরনের অপরাধ পুনরায় করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।
অভিযানে রায়গঞ্জ ও সলঙ্গা থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। তিনি জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।