
ন্যাশনাল ডেস্ক
বিশ্বকাপের চলতি আসরে এখনো অপরাজিত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলটির প্রতিপক্ষ মিশর। মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় আফ্রিকার দলটির মুখোমুখি হবে মেসি বাহিনী।
শেষ ষোলো পর্যন্ত উঠতে প্রতিটি ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। নিজেদের সবশেষ ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারায় তারা। আর মিশর ১-১ গোলে অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করে। শেষমেশ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট কাটে মোহামেদ সালাহর দেশটি।
দেশের ফুটবলপ্রেমীরা ঘরে বসেই টেলিভিশনে আর্জেন্টিনার এই গুরুত্বপূর্ণ ম্যাচ উপভোগ করতে পারবেন। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সময় টেলিভিশন। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও টি-স্পোর্টসেও দেখা যাবে বিশ্বকাপের এই ম্যাচ।
টেলিভিশনের পাশাপাশি মোবাইল ফোন বা ল্যাপটপ থেকেও ম্যাচটি দেখা যাবে। এজন্য নির্দিষ্ট ফি পরিশোধ করে মাইরবি অ্যাপ, বাংলালিংকের টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নিয়ে সরাসরি খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা।