
মো: আব্দুর রহীম মিঞা,টাঙ্গাইল প্রতিনিধি
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নাম ব্যবহার করে বাংলাদেশ পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মো. এরশাদ আকন্দ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা অর্জুনা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ভূঞাপুর থানার পুলিশ । গ্রেপ্তারকৃত এরশাদ আকন্দ উপজেলার অর্জুনা বাজার এলাকার ফটিক আকন্দের ছেলে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, এরশাদ আকন্দের সঙ্গে রাজা মন্ডলের ছেলে নাসির মন্ডলের পরিচয়ের পর তাদের দুই জনের সঙ্গে বন্ধত্ব হয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর পরিচয় ব্যবহার করে নাসিরকে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি দেওয়ার আশ্বাস দেন।
চাকরি দেওয়ার বিনিময়ে তিনি ১২ লাখ টাকা দাবি করেন। পরে গত ৪ মে রাজধানীর শাহবাগ এলাকার একটি হোটেলের রেস্টুরেন্টে রাজা মন্ডলের কাছ থেকে নগদ ৮ লাখ ৪১ হাজার টাকা গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বাকি অর্থ চাকরি হওয়ার পর পরিশোধ করার কথা ছিল।
তবে দীর্ঘ সময় পার হলেও চাকরির ব্যবস্থা করতে না পারায় ভুক্তভোগী টাকা ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তি নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তার সঙ্গে যোগাযোগও বন্ধ হয়ে যায়। এতে প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে বুধবার রাতে থানায় মামলা করেন ভুক্তভোগী।
পুলিশ জানায়, প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায়ের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আব্দুল গাফফার হিমেল জানান, এরশাদ আকন্দ দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে আরও প্রতারণার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত এরশাদ আকন্দ প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।