
মোঃ মোস্তাকিম বিল্লাহ ,পোরশা (নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর পোরশা থানার পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত ও একাধিক ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় পোরশা থানার একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রাপ্ত গোপন ও নির্ভরযোগ্য তথ্য বিশ্লেষণ করে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
অভিযানকালে শেরেবাংলা থানাধীন শেরেবাংলা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে সরকারি কোয়ার্টার এবং মোহাম্মদপুর থানাধীন বসিলা বস্তিতে ভাড়া বাসায় অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—পোরশা উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত জমির উদ্দীন শেখের ছেলে মোঃ বিশু শেখ (৪৭)। তার বিরুদ্ধে একটি জিআর সাজাসহ মোট তিনটি ওয়ারেন্ট রয়েছে। একই গ্রামের মোঃ বিশু শেখের স্ত্রী মোছাঃ নাজিরা খাতুন (৪০)-এর বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট রয়েছে।
এছাড়া বড়গ্রাম গ্রামের মৃত জিদার রহমানের ছেলে মোঃ আঃ হামিদ (৫০)-কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সাজাসহ চারটি ওয়ারেন্ট এবং একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার এড়াতে আসামিরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।