
খ,ম,জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় সিএনজি স্টেশনে
যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে সিএনজি চালক এবং দুই বাস মালিক কর্তৃপক্ষকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উভয়কে অর্থ দন্ড করা হয়।
আজ বৃহস্পতিবার ১১ জুন দুপুরে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাহেল আহমেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
জানাযায়, নাসিরনগর উপজেলা সদর থেকে সরাইল বিশ্বরোড সিএনজি চালকরা সাধারণ যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে সিএনজি চালককে ভ্রাম্যমান আদালতে অর্থ দন্ড করা হয় এবং নাসিরনগর থেকে ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে দুই বাস মালিক কর্তৃপক্ষকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৪২০০ টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সবাইকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।
এই অভিযান পরিচালনায় সহযোগিতা করেন নাসিরনগর থানা পুলিশ প্রশাসন ও আনসার বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাহেল আহমেদ প্রতিবেদককে বলেন, দীর্ঘদিন যাবত নাসিরনগর উপজেলায় কিছু অসাধু গাড়ি চালক সাধারণ যাত্রীদেরকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছিল।
সাধারণ যাত্রীদের স্বার্থ রক্ষা এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।