
মোঃ মোফাছসিল খান, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
সরকারের গৃহীত পাঁচ বছরমেয়াদি (২০২৬-২০৩০) ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ একটি বৃক্ষরোপণ উদ্যোগ শুরু করেছে।আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও বিজ্ঞান ভবন সংলগ্ন এলাকায় একটি লাল তেঁতুল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচিটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বিশেষজ্ঞ দলের পরামর্শে গাছ লাগানোর উপযুক্ত স্থান আগেই নির্ধারণ করা হয়েছে, যাতে ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং ভবিষ্যতে অপরিকল্পিত গাছ কাটার প্রয়োজন না পড়ে।
কর্মসূচির আওতায় বিরল প্রজাতির লাল তেঁতুল ছাড়াও পলাশ, পারুল ও রক্তচন্দনের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ। এছাড়া বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলাসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সরওয়ার মুর্শেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারিক মনজুরও অনুষ্ঠানে অংশ নেন।
আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. তারানা নুপুর, অধ্যাপক ড. ফারহানা শাহরিন, অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, ড. তানিয়া আক্তার, গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।