
দৃশ্যপট ডেস্ক রিপোর্ট
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় র্যাব-১২ এর অভিযানে ১৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, তিনটি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৬ জানুয়ারি বিকালে র্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল তাড়াশ থানাধীন মান্নান নগর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মান্নান নগর হতে রানীর হাটগামী পাকা রাস্তার ওপর মেসার্স সরকার এন্টারপ্রাইজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. ছাইফুল ইসলাম (৪২), পিতা: মৃত ছইরুদ্দিন মো. নয়ন আলি (৩৩), পিতা: মৃত নজরুল ইসলাম উভয়ের বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খামারনাচকৈড় এলাকায়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে ট্রাকযোগে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল।
এ বিষয়ে র্যাব-১২, সিরাজগঞ্জ এর অপস অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে র্যাব-১২ নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।