সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দুর্গামন্দির পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। পরিদর্শনকালে তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং মন্দিরের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
রবিবার (১৮ অক্টোবর) তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের চণ্ডীভোগ শ্রী শ্রী জয় দুর্গামন্দির পরিদর্শনে যান জেলা প্রশাসক। সেখানে তিনি মন্দিরের পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটি ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর,তাড়াশ উপজেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক সুশীল মাহতো।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন দেশীগ্রাম ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানীসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জেলা প্রশাসকের এই মন্দির পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। পরিদর্শন শেষে মন্দিরের সার্বিক সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।







