
শিমুল রেজা, চুয়াডাঙ্গা
জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর এক ইউপি সদস্যের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে ১০০০ লিটার মজুতকৃত ডিজেল জব্দ করা করেছে।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়ানোর অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ঝটিকা অভিযান চালানো হয়। বুধবার ( ১৫ এপ্রিল) বিকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে বিশেষ এ অভিযান পরিচালিত হয়। ইউপি সদস্য মো শাহিনুর ইসলামের নিজ বাসভবন ও ব্যক্তিগত গোডাউনে তল্লাশি চালিয়ে ৫টি ব্যারেল থেকে মোট ১০০০ লিটার ডিজেল জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে কিছু ব্যক্তি মোবাইল কোর্টের কার্যক্রমে বাধা প্রদান এবং আক্রমণের চেষ্টা করে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
জব্দকৃত ১০০০ লিটার ডিজেল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে এই জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে খোলা বাজারে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হবে
চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম জানান, মোমিনপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাহিনুর ইসলামের নিজ বাসভবনে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আরও বলেন, সাধারণ মানুষকে জিম্মি করে যারা জ্বালানি ও নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিচালিত অভিযানে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ সদস্যদের একটি দল অংশ নেয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনস্বার্থে জেলাজুড়ে এ ধরনের চিরুনি অভিযান
আরও জোরদার করা হবে।