বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর এমপিওভুক্তির তদবির করতে শিক্ষা কর্মকর্তাকে ‘উপহারের প্যাকেটে’ মুড়িয়ে ৮ লাখ টাকা ঘুষ দিতে এসে রংপুরে আটক হয়েছেন সাবেক শিক্ষক পরিচয় দেওয়া কুড়িগ্রামের এক ব্যক্তি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর নগরীর কাচারীবাজার এলাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে বিকেলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তির নাম মাইদুল ইসলাম (৫০)। তিনি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কাজাইকাটা এলাকার বাসিন্দা। অভিযুক্ত ওই ব্যক্তি নিজেকে স্থানীয় একটি বিদ্যালয়ের সাবেক শিক্ষক হিসেবে পরিচয় দেন।
পুলিশ ও আঞ্চলিক উপপরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাজাইকাটা উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষক ও তিনজন কর্মচারী এমপিও সুপারিশের জন্য গত সোমবার উপপরিচালকের কার্যালয়ে যান মাইদুল ইসলাম। এক সপ্তাহ পর আবারও আজ সোমবার উপহারের বাক্সে করে ৮ লাখ টাকা নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক উপপরিচালক মোছা. রোকসানা বেগম কক্ষে যান। সেখানে তাকে সুপারিশের বিনিময়ে বাক্সটি গ্রহণ করতে বলেন। এ সময় বক্সের ভেতরে টাকা থাকার বিষয়টি জানালে রোকসানা বেগম কর্মচারীদের মাধ্যমে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে টাকাসহ ওই ব্যক্তিকে আটক করে বিকেলে থানা নিয়ে যান।
অভিযুক্ত মাইদুল ইসলাম ঘুষের প্রস্তাব দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমি আলাপ করতে আসছি। ম্যাডাম ঘুষ খায় না সেটা আমি জানি না। এটা আমারই দোষ।
মহানগর কোতোয়ালি থানার ওসি শাহজাহান আলী গণমাধ্যমকে বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। এ সময় ৮ লাখ টাকা জব্দ করা হয়। শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে একটি চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জানানো হয়েছে। দুদক এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







