
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) বা গ্রিনকার্ড লটারি পুনরায় চালুর নির্দেশের বিরুদ্ধে আপিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একই সঙ্গে আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালতের ওই নির্দেশ স্থগিত রাখার আবেদনও জানিয়েছে মার্কিন সরকার।
বুধবার (২১ অক্টোবর) নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারক জিনসুক ওহতা সম্প্রতি একটি মামলায় প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে ২০২৭ সালের ডাইভারসিটি ভিসা কর্মসূচি পুনরায় চালুর নির্দেশ দেন। লটারি নিবন্ধন কার্যক্রম দিয়েই এই প্রক্রিয়া শুরু করতে বলা হয়।
অভিবাসন আইনবিষয়ক প্রতিষ্ঠান রেড ঈগল ল, এলসি মামলাটি দায়ের করে। এর পরিপ্রেক্ষিতে বিচারক ওই নির্দেশ দেন।
গ্রিন কার্ড লটারি নামে পরিচিত এই কর্মসূচির মাধ্যমে প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার মানুষকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হয়। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রে যেসব দেশ থেকে অভিবাসীর সংখ্যা তুলনামূলক কম, সেসব দেশের যোগ্য নাগরিকদের জন্য এই ভিসা বরাদ্দ রাখা হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ অক্টোবর মার্কিন সরকার বিচারকের প্রাথমিক নিষেধাজ্ঞা ও সংশ্লিষ্ট আদেশগুলোর বিরুদ্ধে আপিলের নোটিশ দাখিল করে। পাশাপাশি আপিলের শুনানি ও নিষ্পত্তি চলাকালে নির্দেশটি স্থগিত রাখার জন্য বিচারক ওহতার কাছে পৃথক আবেদন জানানো হয়।
সরকারের এই পদক্ষেপের ফলে ২০২৭ সালের গ্রিন কার্ড লটারির নিবন্ধন কার্যক্রম পুনরায় চালুর বিষয়টি আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে। আপিলের চূড়ান্ত নিষ্পত্তি এবং স্থগিতাদেশের আবেদনের বিষয়ে আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত কর্মসূচিটির ভবিষ্যৎ অনিশ্চিত।
সূত্র: নিউজউইক