
খ ম জায়েদ হোসেন,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
গাউছুল আজম, পীরানে পীর, দাস্তেগীর, মাহবুবে ছুবহানী, কুতুবে রাব্বানীশেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী আল গিলানী (রাদিআল্লাহু আনহু)এর পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহম উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহম উদযাপিত হয়েছে।
‘ইয়াজদাহম’ অর্থ এগারো, আর ‘ফাতেহা’ অর্থ দোয়া করা। আল্লাহর ওলি বড় পীর হযরত আবদুল কাদের জিলানী (রহ)-এর ওফাত দিবস উপলক্ষে মুসলমানদের দোয়া অনুষ্ঠানই ‘ফাতেহায়ে ইয়াজদাহম’ নামে পরিচিত।
এ দিনটি মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপুর্ণ দিন হিসেবে পালিত হয়। ইসলামের অন্যতম প্রচারক শেখ সৈয়দ মহিউদ্দিন আবদুল কাদের জিলানী আল গিলানী হিজরী ৫৬১ সনের ১১ রবিউস সানি ইন্তেকাল করেন। সারা বিশ্বের মুসলমানরা দিনটি ফাতেহা-ই-ইয়াজদাহম হিসেবে পালন করে আসছেন।
এ উপলক্ষ্যে মঙ্গলবার ২২ সেপ্টেম্বর বাদ আছর হতে মধ্য রাত অবধি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে জামেয়া মতিনিয়া আলেয়া মাদ্রাসা মাঠে ওরশ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া মিরানীয়া দরবার শরীফ, ফান্দাউক দরবার শরীফ, দাঁত মন্ডল মিরানীয়া নূরিয়া দরবার শরীফ, মিরানীয়া সাঈদীয়া আজিজিয়া দরবার শরীফ, জেঠাগ্রাম মিরানীয়া আজিজিয়া দরবার, গুনিয়াউক দরবার শরীফ, খান্দুরা দরবার শরীফ, হরিপুর দরবার শরীফ, নাসিরপুর দরবার শরীফ, শ্রীঘর আজিজিয়া দরবার শরীফ সহ বিভিন্ন মসজিদ – মাদ্রাসা, বিভিন্ন খানকাহ শরীফে গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বাদ জোহর পবিত্র খতমে কুরআন শরীফ ও খতমে তাহলিল শরী, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত।
গাউছুল আজম হযরত শায়খ ছৈয়্যদ শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী (রহ.) জীবনী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে দেশ বরেণ্য উলামায়ে কেরাম পীর মাশায়েখগণ গাউছুল আযম শেখ সৈয়দ মহিউদ্দিন, পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল গীলানী রাঃএর শিক্ষায় আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, বিনম্রতা, আত্মশুদ্ধি এবং মানবতার সেবা বিশেষ গুরুত্ব ও ঈমান আক্বিদা, মানুষের নৈতিকও আধ্যাত্মিক উন্নতি এবং সৃষ্টির প্রতি ভালোবাসার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনে হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর জীবন ও আধ্যাত্মিক শিক্ষার নানা দিক তুলে ধরা হয়।