
স্পোর্টস ডেস্ক
আগামী বিশ্বকাপে খেলবে না বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন? বিশ্বকাপ শেষ হতে না হতেই বয়কটের হুমকি। যার নেপথ্যে ফিফা বনাম উয়েফা। বিশ্ব ফুটবলে শুরু হয়ে গেছে এক ধুন্ধুমার যুদ্ধ। একদিকে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। অন্যদিকে ইউরোপীয় ফুটবলের সর্বেসর্বা সংস্থা। অবস্থা এতটাই খারাপ যে, বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছে উয়েফা। ফলে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন বা ফ্রান্স-জার্মানি-পর্তুগাল-ইংল্যান্ডের মতো দেশগুলো আদৌ ২০৩০ বিশ্বকাপে খেলবে কি না, সেই আশঙ্কা থাকছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, আগামী বিশ্বকাপের আগে সদস্য দেশগুলোর অনুমোদন সাপেক্ষে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে বেসরকারি সংস্থার থেকে ১০ বিলিয়ন ডলার অর্থ তোলার পরিকল্পনা করা হচ্ছে। বিশ্বকাপ পরিচালনার জন্য ২০ বিলিয়ন ডলার মূল্যের একটি কোম্পানি গঠন করা হবে। এর মধ্যে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ১০ বিলিয়ন ডলারের অংশীদারিত্ব বিক্রি করা হবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর দাবি, বিশ্বব্যাপী ফুটবলের উন্নতিকল্পেই এই পরিকল্পনা তার। তবে সেটা একেবারেই মানছে না উয়েফা।
পরিকল্পনার বিরোধিতা করতে চলতি সপ্তাহেই ৫৫টি সদস্য দেশের জরুরি বৈঠক ডাকতে যাচ্ছে উয়েফা। ভবিষ্যৎ বিশ্বকাপ বয়কটের বিষয়টিও আলোচনায় থাকতে পারে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে ইউরোপের মহাশক্তিধর দেশগুলো বিশ্বকাপ খেলতে পারবে না। উয়েফার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এই সিদ্ধান্ত সব সীমা অতিক্রম করেছে। যারা ফুটবলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। যারা এই খেলাটার নিয়ন্ত্রক, সেই সব প্রতিষ্ঠানের এগুলো কখনওই করা উচিত নয়।’ উয়েফা আরও জানায়, ‘আমরা কেউই ফুটবলের মালিক নই। বিশ্বকাপ ফিফার বিক্রি করার সম্পদ নয়।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ফুটবল কোনও বিনিয়োগকারীর সম্পদ নয়। যারা ঝড়ে-বৃষ্টিতে স্টেডিয়াম ভরিয়ে তোলেন, যারা মাঠে থাকেন, তাদের জন্য। বিশ্বকাপ বিক্রির বস্তু নয়। যখনই তুমি এর দাম ঠিক করে দেবে, তখনই তুমি বিক্রি করতে চাইছ। ফুটবল চিরকাল সমর্থকদের ছিল, আছে, থাকবে।’ উল্লেখ্য, ২০২১ সালে দু’বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করেছিল ফিফা। তখন উয়েফার বয়কটের হুমকির মুখে সেই পরিকল্পনা থেকে সরে আসে। এবার কী হয়, সেটাই দেখার।
মেসির জন্য হলিউডে আলাদা নিয়ম, গোপন তথ্য ফাঁস করলেন অভিনেতা
সূত্র : স্কাই নিউজ