1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৪ Time View

 

 

বুটেক্স প্রতিনিধি

 

 

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) চতুর্থবারের মতো আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শনিবার (২০ জুন) ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ২০২৬’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক এ সম্মেলনে পরিচালনায় থাকবে বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদ।

 

এই সম্মেলনে টেক্সটাইল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শুরু হবে। এর আগে সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত রেজিস্ট্রেশন ও কিট সংগ্রহ কার্যক্রম চলবে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ উপস্থিত থাকবেন। এছাড়া সম্মেলনের সভাপত্বিতে থাকবেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য দিবেন আয়োজক কমিটির সভাপতি ও ফ্যাকাল্টি অব টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবীব।

 

এছাড়া প্রধান বক্তা হিসেবে জার্মানির হচ্‌শুলে নিডাররাইন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের অধ্যাপক ড. ব্যাস্টিয়ান কুয়াটেলবাউম উপস্থিত থাকবেন। সম্মেলনে বক্তা হিসেবে থাকবেন নেদারল্যান্ডসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জুট ও কোকোয়া সেক্টরের টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের চেয়ার মিশিয়েল কোকেন। পাশাপাশি তিনি ওলাম ফুড ইনগ্রেডিয়েন্টস (ওএফআই)-এর হেড অব সায়েন্টিফিক অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স হিসেবে কর্মরত আছেন।

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর ১২টা প্রথম ধাপের টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত দ্বিতীয় ধাপের টেকনিক্যাল সেশন এবং বিকেল ৪টা থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত তৃতীয় ধাপের টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। একই সময়ে পোস্টার প্রেজেন্টেশনও অনুষ্ঠিত হবে। পরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হবে।

 

এবার দেশ-বিদেশের গবেষকদের কাছ থেকে মোট ২৫৮টি অ্যাবস্ট্রাক্ট জমা পড়েছিলো। পরে মানদণ্ড অনুসরণ করে রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো মূল্যায়ন করা হয়। নির্বাচিত গবেষণাগুলোর মধ্য ৪৮টি গবেষণাপত্র মৌখিক উপস্থাপনার জন্য এবং ২০টি গবেষণাপত্র পোস্টার উপস্থাপনার জন্য মনোনীত হয়েছে।

 

আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আহসান হাবীব বলেন, ”গবেষণা, উদ্ভাবন এবং শিল্প-একাডেমিয়ার কার্যকর সমন্বয়ের মাধ্যমে দেশের টেক্সটাইল খাতকে আরও প্রতিযোগিতামূলক ও টেকসই করে তোলার উদ্দেশে এই আয়োজন করা হচ্ছে। বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাত বর্তমানে বৈশ্বিক প্রতিযোগিতার মুখোমুখি। এ অবস্থায় প্রযুক্তিগত উন্নয়ন, দক্ষ ব্যবস্থাপনা, পরিবেশগত দায়বদ্ধতা এবং উদ্ভাবনী গবেষণার কোনো বিকল্প নেই।

 

এ সম্মেলন দেশি-বিদেশি গবেষক, শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং শিক্ষার্থীদের জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করবে। এর মাধ্যমে গবেষণার ফলাফল উপস্থাপন, মতবিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com