
জসিম মিয়া,শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে বিষপানের পর এক দশম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বিষপানের পর তিনি তার প্রেমিকের বাড়িতে গেলে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের কিল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনতাজুর রহমান দীপা (১৬) উপজেলার পাইখাতলা গ্রামের দুলাল মিয়ার মেয়ে এবং পাইখাতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কিল্লাপাড়া গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে সুজন (২৬)-এর সঙ্গে দীপার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সুজন বিবাহিত এবং এক সন্তানের জনক বলে জানা গেছে।
সূত্রগুলোর ভাষ্য, মঙ্গলবার দুপুরে দীপা সবার অগোচরে বিষপান করে সুজনের বাড়িতে যান। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে সুজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক দীপাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নালিতাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।