
দৃশ্যপট ডেস্ক রিপোর্ট
ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা। চার বছর পরপর অনুষ্ঠিত বিশ্বকাপকে কেন্দ্র করে যেমন কোটি কোটি মানুষের আবেগের বিস্ফোরণ ঘটে, তেমনি বিশ্বজুড়ে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টেও প্রিয় দলের প্রতি সমর্থকদের ভালোবাসা নানাভাবে প্রকাশ পায়। দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী ফুটবল পরাশক্তি আর্জেন্টিনার প্রতি বাংলাদেশে দীর্ঘদিন ধরেই রয়েছে ব্যাপক সমর্থন। সেই আবেগেরই প্রতিফলন দেখা গেল সিরাজগঞ্জের রায়গঞ্জে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে রায়গঞ্জ পৌরশহরে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য র্যালি। নীল-সাদা পতাকা, প্রিয় দলের জার্সি, ব্যানার ও ফেস্টুন হাতে শতাধিক তরুণ-যুবক র্যালিতে অংশ নেন। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে পৌরশহরের প্রধান সড়কগুলো নীল-সাদা রঙে ছেয়ে যায়। সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান ও করতালিতে পুরো শহরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
র্যালিটি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে এসে শেষ হয়। পথচারী ও স্থানীয় বাসিন্দারাও এই ব্যতিক্রমী আয়োজন উপভোগ করেন। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।
আয়োজকদের ভাষ্য, ফুটবল শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি বিশ্বব্যাপী সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সুস্থ ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার বার্তা দিতেই এ আয়োজন করা হয়েছে।
অংশগ্রহণকারী সমর্থকরা জানান, আর্জেন্টিনা তাদের কাছে শুধু একটি ফুটবল দল নয়, বরং আবেগ, ঐতিহ্য ও অনুপ্রেরণার প্রতীক। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই তারা এই র্যালিতে অংশ নিয়েছেন।
বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা অন্যতম সফল দল। দেশটি তিনবার বিশ্বকাপ শিরোপা জিতেছে এবং বিশ্ব ফুটবলে অসংখ্য কিংবদন্তি ফুটবলার উপহার দিয়েছে। বাংলাদেশেও বিশেষ করে তরুণদের মধ্যে আর্জেন্টিনা দলের প্রতি সমর্থন দীর্ঘদিনের, যা আন্তর্জাতিক ফুটবলের বড় আসরগুলোতে আরও বেশি দৃশ্যমান হয়ে ওঠে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, খেলাধুলাকে কেন্দ্র করে এমন শান্তিপূর্ণ ও উৎসবমুখর আয়োজন তরুণদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সামাজিক সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে। রায়গঞ্জে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য র্যালিও ফুটবলপ্রেমীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।