
শাহজাদপুর( সিরাজগঞ্জ) প্রতিনিধি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি বলেছেন, কেবলমাত্র টিকাদানের মাধ্যমেই হামকে প্রতিরোধ করা সম্ভব। যেটা বিগত সরকার, অন্তর্বর্তী সরকারের আমলে ভুল নীতি নেওয়ার কারনে এই টিকাদান ব্যাহত হয়েছিলো। ২০২০ এর পর ২০২৫ এ আরেকটি জরুরি টিকাদান হওয়া উচিত ছিল যেটি সে সময় হয়নি। তার আগের ১৫ বছরে স্বাস্থ্য ব্যাবস্থায় যে অব্যাবস্থা তৈরি হয়েছিল সেখানে ব্যাপক দুর্নীতি হয়েছিল ফলে দেখা গেল মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরাও কাজ করার সুযোগ পায়নি এবং আনেকেরই বেতন-ভাতা নিয়েও সমস্যা হচ্ছে।
সোমবার সকাল ১০ টায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরই ১৫ দিনের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। আমরা সাথে সাথে এটির চিকিৎসা ও প্রতিরোধে জরুরী পদক্ষেপ গ্রহণ করি। এরই ধারাবাহিকতায় প্রথমে উচ্চ ঝুকিপূর্ণ, দ্বিতীয় ধাপে ৫টি মহানগরীতে টিকাদান শেষে আজ থেকে দেশব্যাপি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হলো। এই কর্মসূচিতে ১ কোটি ৭৮ লক্ষ শিশুকে টিকাদান করা হবে।
এ টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ড. মো: নুরুল আমিন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মাসুদ রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলায় মোট ৩ লাখ ৯৫ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিরাজগঞ্জের স্বাস্থ্য বিভাগ। আগামী ১১ কর্মদিবসের এই টিকাদান কর্মসূচি চলবে।