
শ্যামল হালদার,রায়গঞ্জ(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থীরা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে দাদপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের শিক্ষিকা মোছা. নাছিমা খাতুনকে সম্প্রতি প্রশাসনিক সিদ্ধান্তে কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। গত ফেব্রুয়ারির একটি ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা নিরসনের অংশ হিসেবে এ বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, নাছিমা খাতুন দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন এবং শিক্ষার্থীদের পাঠদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। তাকে অন্যত্র বদলি করা হলে শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
এদিকে শিক্ষিকা নাছিমা খাতুন অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জেরে একটি ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে এবং এর ফলেই তাকে বদলি করা হয়েছে। তিনি বলেন, নতুন কর্মস্থল তার বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে হওয়ায় নিয়মিত যাতায়াত তার জন্য কঠিন হয়ে পড়বে।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ, মালেক আকন্দ, ফাতেমা খাতুন, পারভীন বেগম ও নার্গিস বেগম। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে সাদিয়া খাতুন, মারিয়া, রানী ও রিয়া বক্তব্য দিয়ে শিক্ষিকাকে নিজ বিদ্যালয়ে বহাল রাখার দাবি জানান।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।