
স্পোর্টস ডেস্ক
মৌসুমের শুরুটা মোটেও ভালো কাটছে না মাউরো ইকার্দির। তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। আর্জেন্টাইন এই স্ট্রাইকার এখন ক্লাবহীন, তার ভবিষ্যৎ নিয়েও তাই উঠছে নানা প্রশ্ন। এর মধ্যেই এলো নতুন এক ধাক্কা।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর বরাত দিয়ে গোলডটকম জানিয়েছে, গাড়ি চালানোয় নিষিদ্ধ হয়েছেন ইকার্দি। তার প্রেমিকার পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, একাধিক ট্রাফিক নিয়ম ভাঙার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে গাড়ি চালাচ্ছিলেন তিনি।
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সের পরিবহন মন্ত্রণালয় তাকে এই শাস্তি দিয়েছে। বুয়েনস এইরেস প্রদেশের ‘প্রাদেশিক আইন ১৩৯২৭’ অনুযায়ী সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্রতীকীভাবে ১ জানুয়ারি ২০৯৯ সাল পর্যন্ত তার ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, চলন্ত গাড়িতে সিটবেল্ট না বেঁধেই শরীরের অর্ধেকের বেশি অংশ জানালা দিয়ে বাইরে বের করে রেখেছেন ইকার্দির বর্তমান প্রেমিকা ইউজেনিয়া ‘লা চিনা’ সুয়ারেজ। সে সময় ইকার্দি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। পরে জানা যায়, তার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদও ফুরিয়ে গেছে।
বুয়েনস আয়ার্সের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এমন অপরাধের শাস্তি হিসেবে ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়। লাইসেন্স ফিরে পেতে ইকার্দিকে এখন নতুন করে পরীক্ষা দিয়ে পাস করতে হবে।
কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা তাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। নতুন লাইসেন্স পাওয়ার আগে গাড়ি চালানোর জন্য তার শারীরিক ও মানসিক যোগ্যতা মূল্যায়ন করতে হবে। সড়ক নিরাপত্তার ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।
এদিকে মাঠের ফুটবলেও ইকার্দির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। কাতার, মেক্সিকো ও আর্জেন্টিনার বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে এই স্ট্রাইকারের নাম জড়ালেও, পরবর্তী গন্তব্য নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছাতে পারেননি তিনি।
সূত্র: গোলডটকম।