
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপারের ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ আইডি খুলে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা দাবি ও প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, প্রতারকরা ০১৮৮৫-৩৫২৫৬৪ ও ০১৯৯৮-১০০৮৭৬ নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে আইডি খুলে নিজেদের সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার পরিচয় দিয়ে মূলত শাড়ি ও লুঙ্গি ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যবসায়ীর কাছে ঈদের সম্মানী বাবদ চাঁদা দাবি করছিল। বিষয়টি পুলিশ সুপার অবগত হলে তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এরপর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্য প্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্ট নম্বর ও হোয়াটসঅ্যাপ আইডির অবস্থান শনাক্ত করে। সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে এবং সিরাজগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজরান রউফের তত্ত্বাবধানে একটি যৌথ টিম গঠন করা হয়।
ডিবির এসআই মোঃ শারফুল ইসলাম, এএসআই মোঃ পলাশ হোসেন, এএসআই বৃন্দাবন রায়, এএসআই মোঃ আশরাফুল আলম এবং সিরাজগঞ্জ সদর থানার এসআই মামুন মিয়ার সমন্বয়ে গঠিত দলটি তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন প্রতারককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ সোহেল মিয়া (৩৪), পিতা মোঃ আমজাদ, কৃষ্ণপুর নামাপাড়া, থানা শেরপুর; মোঃ বাদশা আকন্দ (৫০), পিতা মৃত রমজান আকন্দ, চালাপাড়া, থানা ধুনট (বর্তমান ঠিকানা খানপুর, থানা শেরপুর) এবং মোঃ রিপন (২২), পিতা মোঃ বাদশা আকন্দ, খানপুর পশ্চিমপাড়া, থানা শেরপুর, জেলা বগুড়া।
গ্রেফতারের সময় আসামি সোহেল মিয়ার কাছ থেকে একটি আইটেল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন সময় সিরাজগঞ্জ সদর থানা এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদা দাবি ও প্রতারণা করে আসছিল।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।