
ন্যাশনাল ডেস্ক
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু নিশ্চিত হামজনিত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি তিন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
বুধবার (২০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য প্রকাশ করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৮০ জন। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০১ জনে।
একই সময়ের মধ্যে সারাদেশে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬৭ জন। আর সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫৭ হাজার ৮৫৬ জন।
এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ হাজার ১২৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪১ হাজার ১২০ জন।