
মেহেদী হাসান রিপন,যশোর প্রতিনিধিঃ
যশোরের বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই সহোদর বোনসহ তিন কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। একই সঙ্গে তিন শিশুর মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহতরা হলো—জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা আক্তার (১০) এবং প্রতিবেশী আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০)।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে লামিয়া, সুলতানা ও ফাহিমা বাড়ির পাশে ইকরাম মোল্যার পুকুরে গোসল করতে যায়। পুকুরটি বাগানের মধ্যে এবং সেখানে সাধারণত মানুষের যাতায়াত কম। গোসল করতে নামার আগে তারা পুকুরপাড়ে স্যান্ডেল ও পোশাক রেখে পানিতে নামে। এরপর দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুরপাড়ে শিশুদের স্যান্ডেল ও পোশাক পড়ে থাকতে দেখে স্বজনদের সন্দেহ হয়। স্থানীয়রা পুকুরে নেমে তল্লাশি চালালে সিঁড়ির নিচে তিন শিশুর নিথর দেহ দেখতে পান। পরে দ্রুত তাদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, পুকুরটির একটি অংশ বেশ গভীর হওয়ায় গোসলের একপর্যায়ে শিশুরা সেখানে তলিয়ে যায়। পুকুরটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় থাকায় সেখানে নিয়মিত মানুষের আনাগোনাও ছিল না বলে স্থানীয়রা জানিয়েছেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দুপুরের একটি স্বাভাবিক গোসলের সময় যে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনবে, তা কেউ কল্পনাও করতে পারেননি। আপন দুই বোনসহ তিন শিশুর আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে জামদিয়া গ্রামের পরিবেশ। তাদের মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।