
দৃশ্যপট ডেস্ক রিপোর্ট
দৈনিক ইত্তেফাকের রায়গঞ্জ সংবাদদাতা, বিশিষ্ট পরিবেশকর্মী ও সিনিয়র সাংবাদিক দীপক কুমার কর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী ও পরিবারের সদস্যদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভোগার পর গত ১৩ ফেব্রুয়ারি হঠাৎ তীব্র জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে তাকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের মেডিসিন বিভাগের ৫৩ নম্বর ওয়ার্ডের ১ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসক সূত্রে জানা গেছে, হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. অসীম কুমার ঘোষের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘদিনের শারীরিক জটিলতার পাশাপাশি তিনি বর্তমানে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। ফুসফুসে সংক্রমণ, ডায়াবেটিস এবং হৃদরোগজনিত জটিলতা মিলিয়ে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে উঠেছে।
ডা. অসীম কুমার ঘোষ জানান, রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রেখে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। অবস্থার উন্নতির জন্য নিয়মিত পর্যবেক্ষণ ও ধারাবাহিক চিকিৎসা অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।
সাংবাদিকতার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন দীপক কুমার কর। তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন।
এদিকে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিকরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
সাংবাদিক দীপক কুমার করের পরিবারের পক্ষ থেকেও দেশবাসীর কাছে তার আশু আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।