
সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঢাকা–রংপুর মহাসড়কে পিলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল্লাহ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সলঙ্গা থানাধীন পাঁচলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।
নিহত আব্দুল্লাহ সলঙ্গা থানার লাঙ্গলমোড়া উত্তরপাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন মুঠোফোনে জানান, দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে থানাকে জানানো হয়নি। পরে জানতে পেরেছি যে মোটরসাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে ধাক্কা লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে ওই যুবকের মৃত্যু হয়েছে।পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।