
এরশাদ আলী,সলঙ্গা(সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ আওয়ামী লীগের এক নেতা ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও নগদ ১১ হাজার ২১৫ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন— সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়নের রৌহাদহ গ্রামের আরহম আলীর ছেলে বাদশা এবং একই গ্রামের মৃত তাহের আলীর ছেলে সাবেদ আলী। সাবেদ আলী স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১৮ মে) দুপুরে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে রামকৃষ্ণপুর ইউনিয়নের রৌহাদহ গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন দুইজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১১ হাজার ২১৫ টাকা উদ্ধার করা হয়।
ওসি আসলাম হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।