1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

সর্বদলীয় উন্নয়ন কমিটি গঠনে মাঠে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১ Time View

 

ন্যাশনাল ডেস্ক

 

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, সমন্বিত ও অংশগ্রহণমূলক করতে প্রতিটি ইউনিয়নে সর্বদলীয় উন্নয়ন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে মাঠে নেমেছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

 

 

 

শনিবার (৯ মে) ডামুড্যা উপজেলায় কর্মরত সব দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি অংশ নেন।

 

 

সভায় স্থানীয় উন্নয়ন পরিকল্পনা, সরকারি সেবার মান উন্নয়ন, প্রকল্প বাস্তবায়নের গতি বৃদ্ধি এবং দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

 

 

হুইপ অপু বলেন, উন্নয়ন কোনো একক রাজনৈতিক দলের বিষয় নয়, বরং এটি পুরো এলাকার জনগণের যৌথ প্রয়াসের ফল। তিনি জানান, ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার প্রতিটি ইউনিয়নে সর্বদলীয় উন্নয়ন কমিটি গঠন করা হবে।

 

 

 

প্রস্তাবিত এই কমিটিগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে। এর মাধ্যমে স্থানীয় সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা নেওয়া এবং উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

 

 

হুইপ অপু আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই ইউনিয়ন পর্যায়ে সভা-সমাবেশের মাধ্যমে কমিটি গঠনের কার্যক্রম শুরু হবে।

 

 

স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, রাজনৈতিক মতভেদ দূর করে সবাই একসঙ্গে কাজ করলে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

 

 

একই দিনে ডামুড্যায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।

 

 

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে বকনা বাছুর তুলে দেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিস তাহসিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা উর্মি এবং ফাহমিদা হক।

 

 

এ ছাড়াও উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহউদ্দিন আইয়ূবী, অতিরিক্ত পুলিশ সুপার সামছুল আরেফিন, ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদস্য জিল্লুর রহমান মধু, উজ্জ্বল শিকদার, রেজাউল করিম শ্যামল বেপারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

 

 

বক্তারা বলেন, জেলেদের জীবিকা বৈচিত্র্যকরণে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাছ ধরা নির্ভর জীবিকার পাশাপাশি গবাদিপশু পালনের মাধ্যমে বিকল্প আয়ের সুযোগ তৈরি হওয়ায় জেলেরা অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।

 

 

অনুষ্ঠান শেষে ডামুড্যা পৌরসভা চত্বরে ফলজ বৃক্ষের চারা রোপণ করেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com