
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুরে সন্তানকে মাদ্রাসায় রেখে ফেরার পথে বাসের ধাক্কায় নিহত হন গোলাম রব্বানী নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের আসমা মেমোরিয়াল একাডেমি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম রব্বানী গাইবান্ধা সদরের তুলসীঘাটের বিষ্ণপুর এলাকার বাসিন্দা ও সাদুল্লাপুর সরকারি কলেজের হিসাবরক্ষক পদে চাকরি করছিলেন।
স্থানীয়রা জানান, সকালে গোলাম রব্বানী তার সন্তানকে পশ্চিমপাড়ার আশ শিফা মাদ্রাসায় দিয়ে আসতে যান। সেখান থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। এ সংক্রান্ত আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।