
নিজস্ব প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন কণ্ঠশিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা। কিন্তু দল তাকে মনোনয়ন না দিয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজাকে দেয়।
সরাসরি নির্বাচনে বঞ্চিত হলেও সংরক্ষিত আসনে কনকচাঁপা মনোনয়ন পাবেন এমনটাই প্রত্যাশা ছিল তাঁর কর্মী সমর্থকদের। কিন্তু সংরক্ষিত আসনেও মনোনয়ন বঞ্চিত হলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী।
সোমবার (২০ এপ্রিল) সংরক্ষিত আসনে বিএনপির ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তবে ঘোষিত এই তালিকায় ঠাঁই পাননি জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।
কনকচাঁপা জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য।
এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতিকে প্রতিদ্বন্দ্বী করেন কনকচাঁপা। ওই নির্বাচনে প্রভাবশালী রাজনীতিবিদ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক প্রয়াত মোহাম্ম নাসিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করেন তিনি।
সে সময় নির্বাচনী প্রচারণায় বাঁধাসহ সরকারদলীয় প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বগুড়ায় গিয়ে সংবাদ সম্মেলন করেন। নির্বাচনের দিন দুপুরের দিকে ভোট বর্জন করে কনকচাঁপা পেয়েছিলেন মাত্র ১ হাজার ৭২ ভোট। বিজয়ী প্রার্থী মোহাম্মদ নাসিম পেয়েছিলেন ৩ লাখ ২৪ হাজার ৪৩৬ ভোট।
২০২০ সালে মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর আসনটিতে উপ-নির্বাচনে অনুষ্ঠিত হয়। সে নির্বাচনেও দলের মনোনয়ন চেয়ে বঞ্চিত হন কনকচাঁপা। বর্তমান এমপি সেলিম রেজাকে মনোনয়ন দেয়। উপ-নির্বাচনে মোহাম্মদ নাসিমের পূত্র তানভির শাকিল জয় নৌকা প্রতিবে বিজয়ী হন।