
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করা হয়েছে। পরে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
রবিবার (২১ জুন) সকালে শাহজাদপুর থানা চত্বরে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা পারভিন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) মন্তাজ উদ্দিনসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার এসআই মন্তাজ উদ্দিনের নেতৃত্বে টহল পুলিশের একটি দল বগুড়া-নগরবাড়ী মহাসড়কের টেটিয়ারকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ১৬ বস্তা অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জালবোঝাই গাড়িটি থানায় নিয়ে আসা হয়।
আটক পিকআপের চালকের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জালগুলো পাবনা জেলার ফরিদপুর উপজেলার ডেমরা এলাকা থেকে বগুড়ায় নেওয়া হচ্ছিল।
শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, জব্দকৃত ১৬টি বস্তা থেকে মোট ৯৩ পিস অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় এবং উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
তিনি আরও জানান, পিকআপের চালক ও তার সহকারীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে পিকআপটি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা পারভিন বলেন, “চায়না দুয়ারি জাল উৎপাদন, বিপণন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন এবং জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পুলিশের তৎপরতায় জালগুলো জব্দ করা সম্ভব হয়েছে এবং আমার উপস্থিতিতেই সেগুলো ধ্বংস করা হয়েছে।”
তিনি আরও বলেন, “দেশের মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। কোথাও অবৈধ চায়না দুয়ারি জালের ব্যবহার বা পরিবহনের তথ্য পেলে দ্রুত প্রশাসন বা মৎস্য বিভাগকে জানাতে হবে।”
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।