
দৃশ্যপট ডেস্ক রিপোর্ট
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের ধানগড়া পুরাতন চৌরাস্তা হতে রায়গঞ্জ বাজার হয়ে ভূঁইয়াগাতী উচ্চ বিদ্যালয় পর্যন্ত অতি গুরুত্বপূর্ণ একটি রাস্তার প্রশস্তকরণের কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কাজটির তদারকি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস এন্ড ব্রাদার্স। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৯কোটি ৪১ টাকা। সেই রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছে বিশাল এক গাছ। আর সেই গাছটিকে রেখেই দুই পাশ দিয়ে তাড়াহুড়ো করে চলছে সড়ক মেরামতের কাজ। ঝুঁকিপূর্ণ এই উন্নয়ন কাজের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন চালক ও পথচারী।
সোমবার জো (১৮মে) সরেজমিনে গিয়ে নিশ্চিন্তপুর গ্রামের রাস্তায় এমন এক অদ্ভুত ও বিপজ্জনক চিত্র দেখা গেছে। সেখানে একটি মসজিদ রয়েছে। উন্নয়নের আড়ালে এখানে একটি মরণফাঁদ তৈরি হয়েছে এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । স্থানীয়রা অভিযোগ করে বলেন,সড়ক প্রশস্তকরণ ও মেরামতের কাজ শুরু হওয়ার পর থেকেই মাঝখানের এই গাছটি অপসারণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ভ্যানচালক গোলাম রব্বানী বলেন,দিনের বেলা দূর থেকে গাছটি কিছুটা দৃশ্যমান হলেও, রাতে এটি এক প্রকার অদৃশ্য মরণফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে দ্রুতগতির গাড়ি এবং মোটরসাইকেল চালকরা হঠাৎ রাস্তার মাঝে গাছ দেখে নিয়ন্ত্রণ হারাচ্ছেন।
সাইফুল ইসলাম নামের এক মোটরসাইকেল চালক বলেন: “গত পরশুই রাতে অল্পের জন্য বেঁচে গেছি। কোনো ল্যাম্পপোস্ট নেই, দূর থেকে বোঝার উপায় নেই যে রাস্তার মাঝখানে একটা আস্ত গাছ দাঁড়িয়ে আছে। ব্রেক কষতে গিয়ে উল্টে পড়ে হাত ছিলে গেছে।” নিয়ম অনুযায়ী, সড়ক সম্প্রসারণ বা মেরামতের সময় কোনো গাছ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে আইনানুগ প্রক্রিয়ায় অপসারণ করার কথা। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের এমন উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার একজন মুহতামিম বলেন, “রাস্তা সোজা করার জন্য কোটি টাকা খরচ হচ্ছে, অথচ একটা গাছ সময়মতো না সরিয়েই মেরামত কাজ করা হচ্ছে। এটা কেবল সমন্বয়হীনতা নয়, সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার শামিল।” দুর্ভোগে পথচারী ও যান চলাচল ব্যস্ততম এই সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। রাস্তার মাঝে গাছ থাকার কারণে ওই অংশে সড়কটি সংকীর্ণ হয়ে পড়েছে, ফলে প্রায়ই
হচ্ছে দুর্ঘটনা। পাশ কাটানোর প্রতিযোগিতায় লিপ্ত হয়ে দুর্ঘটনা এখন এই সড়কের নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী রবিউল আলম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং দ্রুত গাছটি অপসারণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করা হচ্ছে।