“কোটি-কোটি মানুষ যা শুনলো এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?” প্রশ্ন করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য।
দেশের একটি পত্রিকায় সম্প্রতি রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এ বিষয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে কড়া মন্তব্য করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন-
গত ৫ই আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেন নি।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, কোটি-কোটি মানুষ যা শুনলো এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি? জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।
মুহুর্তের মধ্যেই জামায়াত আমিরের এই পোস্টটি সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। হাজার হাজার রিএক্টের পাশাপাশি এখনও এই পোস্টের পক্ষে-বিপক্ষে কমেন্ট চলমান রয়েছে।