
আব্দুল কুদ্দুস তালুকদার,রায়গঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ইতিহাস, সমাজ ও সংস্কৃতি নিয়ে রচিত গবেষণাধর্মী গ্রন্থ ‘রায়গঞ্জ : ইতিহাস, সমাজ ও সংস্কৃতি’-এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে গবেষণাভিত্তিক গ্রন্থের বিকল্প নেই।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় উপজেলার ভূয়াঁগাতী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ মনিরুজ্জামান।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বইটির লেখক, বিশিষ্ট গবেষক, সমাজবিজ্ঞানী, বহু গ্রন্থপ্রণেতা এবং খুলনা উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. খ. ম. রেজাউল করিম। তিনি বলেন, রায়গঞ্জের ইতিহাস, সমাজ ও সংস্কৃতিকে তথ্যভিত্তিকভাবে সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ গ্রন্থ রচনার মূল উদ্দেশ্য। দ্বিতীয় সংস্করণে নতুন তথ্য ও গবেষণালব্ধ উপাত্ত সংযোজন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আলোচনা সভায় বক্তব্য দেন বেগম নুরুন্নাহার তর্কবাগীশ কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ফজলুল হক খান, একই কলেজের সহকারী অধ্যাপক ইকবাল হোসেন, দৈনিক প্রথম আলোর রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি ও সহকারী অধ্যাপক সাজেদুল আলম, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শংকর কুমার দাস, ভূয়াঁগাতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিলীপ কুমার সিংহ, আবুল কালাম সামসুদ্দিন, ফিরোজ আহমেদ, আমির হোসেন, আজিজুল ইসলাম ও রাজু আহমেদসহ স্থানীয় শিক্ষাবিদ, গবেষক ও সুধীজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট গবেষক ও বহু গ্রন্থপ্রণেতা উজ্জ্বল কুমার মাহাতো।
সভায় অংশগ্রহণকারী বক্তারা বলেন, স্থানীয় ইতিহাস ও সংস্কৃতি নিয়ে গবেষণামূলক প্রকাশনা শুধু একটি অঞ্চলের ঐতিহ্য সংরক্ষণেই নয়, বরং জাতীয় ইতিহাসচর্চাকেও সমৃদ্ধ করে। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের আয়োজন করে দৈনিক প্রথম আলো বন্ধুসভা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।